Our social:

Sunday, 8 February 2015

অচেনা মানুষের গল্প

অচেনা মানুষের সঙ্গে অথবা চেনা হলেও খুব কাছের কেউ না, এমন কারো সঙ্গে কি রেগুলারলি আমাদের ঝামেলা বেঁধে যায়? না তো। কাছের মানুষ, যাদের কাছে এক্সপেকটেশন থাকে, যাদের জন্য এক সমুদ্র আবেগ থাকে তাদের সাথেই তো হয়।অভিমান থেকে হয়। সেটা এড়াতে গিয়ে দুজন যদি নিজের কথাগুলো চেপে যায়, আজ আমি চেপে যাব, কাল তুই/তুমি। অভিমানগুলো জমে পাহাড় হবে। সেই পাহাড় পেরিয়ে ওপাশের মানুষটার কাছে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। একদিন পাহাড় পেরনোর ইচ্ছেটাও হারিয়ে যাবে। কাছের মানুষ আর কাছের থাকবে না। তারচেয়ে চল মন খুলে কথা বলি... ঝগড়া করি, কাঁদি। দিনশেষে তবু 'কাছের মানুষ'কে অচেনা হয়ে যেতে না দিই... লেখা: ফারজানা তাবাসসুম শিলা অনুগল্প- "অ" ---- ইমরান নিলয় 'ছোট একটা গল্প বলব, শুনবেন?' 'বলেন' নিতান্তই অনিচ্ছায় বললাম। ভদ্রতা একটা অভিশাপ। ইচ্ছে করছে লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। অনেকক্ষন বসে আছে, উঠে যাবার নামগন্ধ নেই। জগতে কিছু মানুষ থাকে যাদের হাতে পায়ে তেমন কাজকর্ম থাকে না। এদের ধারনা অন্যদেরও কোন কাজকর্ম নেই। 'প্রতিদিন সকালে রহমান সাহেব হাঁটতে বের হন। আজকেও বের হয়েছিলেন। সকালবেলার দুনিয়া দেখতে তার ভালই লাগে। নানারকম মানুষজন দেখা যায়। ইদানিং দেশের অবস্থা ভালো না। মাঝে মাঝেই খবরে গাড়ি পোড়ানোর দৃশ্য দেখানো হচ্ছে। তাই একটু ভয়ে ভয়ে হাঁটতে হয়। দুনিয়া দেখা শেষ করে বাসায় ফেরার সময়, বড় রাস্তার মোড়ে রহমান সাহেব একটা মৃতদেহ পড়ে থাকতে দেখলেন। পুড়ে কয়লা হয়ে আছে। তার বাড়ির বিশাল গেইট দিয়ে ঢোকার সময় একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। রাস্তায় কাগজের ঠোঙ্গায় এককেজির মত আলু পড়ে আছে। একবার ভাবলেন এগিয়ে যাবেন, আবার কি ভেবে এগুলেন না। সোজা পাঁচতলায় উঠে গেলেন। তার মাথায় আলুর ঠোঙ্গা ঘুরতে লাগল। কার আলু, এখানে আসল কিভাবে... শেভ করার সময় রহমান সাহেব আয়নার দিকে চেয়ে চমকে উঠলেন। আয়নায় তার দেখা যাচ্ছে তার কপালের উপর লালকালিতে বড় করে একটা "অ" আঁকা। অথচ তার কপালে কোন 'অ' ছিল না। তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন তার কপালে কোনকিছু আঁকা আছে কিনা। তার স্ত্রী মনোয়ারা অবাক হলেন। বললেন যে কিছুই নেই।' তিনি থামলেন। 'আপনি কি বলতে পারবেন, রহমান সাহেবের কপালে "অ" আসলো কোত্থেকে?' 'আমি বলব কিভাবে?' 'আমি বলব?' 'বলেন' 'রহমান সাহেব একজন মানুষ। তার কপালে "অ" মানে হচ্ছে মানুষের আগে একটা "অ"। মানে 'অ'মানুষ। আর ভাই আমার গল্প শেষ।' এইবার মেজাজ বিগড়ালো আমার। 'গল্প শেষ মানে? আলুর ঠোঙ্গার কি হল শেষে...' ভদ্রলোক জবাব দিলেন না। নীরবে হাসলেন। তার চোখে অদ্ভুত দৃষ্টি। উঠে যেতে যেতে বললেন, 'রহমান সাহেবের মত আলুটাই আপনার কাছে বড় হল। এখানে পোড়া মানুষের চেয়ে রাস্তার উপর একঠোঙ্গা আলু পড়ে থাকাটাই অদ্ভুত। আমরা সেটা নিয়েই বেশি ব্যস্ত।' তার কন্ঠে একটু যেন অভিমান। আমার ভুলও হতে পারে। তিনি কোনদিক না তাকিয়ে চলে গেলেন। শেষ কথাগুলো শুনে কি মনে করে হাতের কাছে থাকা আয়নাটা তুলে নিলাম। যা ভেবেছিলাম তা-ই। কপালের ওপর একটা 'অ' আঁকা। লাল কালিতে, বড় করে। জীবনটা এতো শতো জটিল সমীকরণের সমষ্টি হতে হবে কেন? এটা শরতের আকাশে ভেসে বেড়ানো এক টুকরো মেঘের মতো হতে পারতো, কিংবা গ্রামের দুরন্ত ছেলেটার ঝাঁপিয়ে পরা নদীর মতো, দস্যি মেয়ের দুপুর বেলায় চুরি করা কাঁচা আমের মতো, নানুর হাতের ভাপা পিঠার মতো, বাবার সাইকেলের টুং টাং ঘন্টার মতো, নতুন বৌয়ের নাকের নোলক অথবা আলতার রঙের মতো, প্রথম জালে পাওয়া অনেক মাছ দেখে জেলের মুখের হাসির মতো, নতুন ধানের ঘ্রাণের মতো, প্রেমিকের হাতে তার প্রেমিকার জন্য ভালোবাসায় সিক্ত গোলাপের মতো, কারো জন্য অপেক্ষা করার সময়টার মতো, ছোট্ট ছেলেটার হাত তার বাবার হাতে বন্দী থাকার মতো, পিংক হেয়ার ব্যান্ড দেয়া লাল টুক টুক পরীটার হাতের টেডি বিয়ারের মতো, বোনের জন্মদিনে দেয়া চকলেটগুলোর মতো, ভাইয়ের জন্য কেনা টি-শার্টের মতো, অথবা মলিন হয়ে যাওয়া মায়ের সেই পুরনো শাড়ির আঁচলের মতোও তো হতে পারতো........।। অনুগল্প - অরণী -- রাফিউজ্জামান সিফাত অরণীর ঘুমন্ত মুখ জারিফের ভালো লাগে। নাকের কাছে আঙুল নিলে গরম শ্বাসের স্পর্শ পাওয়া যায়। পুড়িয়ে দেয় না তবে জ্বালা ধরায় ... তার এলোমেলো হয়ে থাকা শাড়ি , নিঃশ্বাসের সাথে উঠানামা করা বুক, পাখা বন্ধ হয়ে গেলে নাকের ডগায় জমে উঠা মিহি ঘাম। জারিফের পরিচিত , বড্ড আপন। কতো রাত জারিফ এই সিগ্ধ মুখ দেখে পাড় করে দিয়েছে , তার হিসাব জানা নেই। রাতের নির্জনতা ভেঙ্গে হঠাৎ রাস্তায় ছুটে চলা এক দুটি গাড়ির শব্দে যখন অরণী চমকে উঠে তখন তার বা চোখের পাতা আগে কাঁপে। তারপর একসাথে দুচোখের পাতা আলতো কেঁপে উঠে। জারিফ গভীর আবেশে খুঁটিয়ে খুঁটিয়ে তা দেখে। ইনসোমনিয়াকে তার মাঝে মধ্যে আশীর্বাদ মনে হয়। দিনের কর্মব্যস্ত অরণীর সাথে রাতের ঘুমিয়ে থাকা অরণীর কতো পার্থক্য সেটি অরণী জানে না। যেমনটি জারিফ জানে না - তার প্রতি রাতের সঙ্গী শুধুমাত্র ইনসোমনিয়া নয় , ঘুমে আড়ালে জেগে থাকা অরণী। জারিফকে একা রেখে অরণী কি ঘুমোতে পারে ?

0 comments:

Post a Comment